১০ ডিসেম্বর আওয়ামী লীগের সমাবেশে লাগবে ইসির অনুমতি
আগামী ১০ ডিসেম্বর ঢাকায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সমাবেশে নির্বাচন কমিশনের অনুমতি লাগবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
আজ রোববার ইইউ নির্বাচন বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বৈঠক শেষে অশোক কুমার বলেন, আপনারা জানেন ইইউ চার সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয়েছে। তারা ইচ্ছা প্রকাশ করেছিলেন সেই ধারাবাহিকতায় আমরা বৈঠক করেছি। তারা আগামী জানুয়ারির ২৩ তারিখ পর্যন্ত দেশে থাকবে এই সময়ে তারা নির্বাচনী বিষয়গুলো পর্যবেক্ষণ করবেন। তাদের কিছু বিষয় জানার ছিল আমরা তাদের বিষয়গুলো জানিয়েছি। তারা নির্বাচনী আইনগুলো জানতে চেয়েছে। ভোটার সংখ্যা জানতে চেয়েছে। তারা দেশব্যাপী তারা ঘুরবে। প্রয়োজনে সামনে আরও বৈঠক হবে।
তারা দেশব্যাপী নির্বাচনী সহিংসতা পর্যবেক্ষণ করবে জানিয়ে ইসির অতিরিক্ত সচিব বলেন, তারা সহিংসতাসহ নানা বিষয়ে জানতে চেয়েছে। নির্বাচনী ভায়োলেন্স, নির্বাচন পূর্ব ভায়োলেন্সসহ সব বিষয়ে জানতে তারা দেশব্যাপী ঘুরবেন। ইসি তাদের বিষয়ে সহযোগিতা করবে। তাদের সিকিউরিটি ইস্যু আছে এগুলো নিশ্চিত করা হবে।





