সৈয়দপুর বিমানবন্দরে ‘অর্ধকোটি’ টাকাসহ জামায়াত আমির আটক: জামায়াতের অভিযোগ, ‘সাজানো নাটক’
ভোটের ঠিক আগের দিন বুধবার সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে অর্ধকোটি টাকার বেশি নগদ অর্থসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জামায়াতে ইসলামী এ ঘটনাকে ‘সাজানো নাটক’ বলে দাবি করে বলেছে, নেতাদের প্রশ্নবিদ্ধ করতে এবং দলকে বিতর্কিত করতে এই ঘটনা ঘটানো হয়েছে। দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, বেলাল উদ্দিন একজন ব্যবসায়ী এবং ঢাকার শাহজালাল বিমানবন্দরে কাস্টমসের অনাপত্তিপত্র নিয়েই তিনি টাকা বহন করছিলেন।
বেলা ১১টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে বেলাল উদ্দিন প্রধান ও তাঁর সঙ্গে থাকা ঠাকুরগাঁও জেলা জামায়াতের দপ্তর সম্পাদক আবদুল মান্নানকে আটক করা হয়। নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, আটকের সময় বেলাল উদ্দিন নিজেই বলেছেন, তাঁর ব্যাগে ৫০ লাখ টাকার বেশি রয়েছে। পরে টাকা গণনা শুরু হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, তিনি কলেজ শিক্ষক এবং গার্মেন্টস ব্যবসায়ী। ব্যাংক বন্ধ থাকায় নগদ লেনদেনের জন্য এই টাকা সঙ্গে নিয়েছিলেন।
জামায়াতের সংবাদ সম্মেলনে এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, “ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৈয়দপুর যাওয়ার সময় ব্যাগ স্ক্যানে টাকা ধরা পড়ে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগীব সামাদ অভ্যন্তরীণ রুটে টাকা বহনে কোনো বাধা নেই বলে অনাপত্তিপত্র দেন। তারপরও সৈয়দপুরে এসে এমন নাটক সাজানো হয়েছে। এয়ারপোর্টের মতো সিকিউর জায়গায় এ ধরনের ঘটনা সাজানো ছাড়া আর কিছু নয়।”
তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগের দিন জামায়াত নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে। বেলাল উদ্দিন প্রধান আটকের পর অসুস্থ হয়ে পড়লে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জামায়াত তাঁর তাৎক্ষণিক মুক্তি ও সুচিকিৎসার দাবি জানিয়েছে।
এদিকে পুলিশ বলছে, টাকার উৎস ও উদ্দেশ্য নিয়ে তদন্ত চলছে। নির্বাচনী পরিবেশে এ ধরনের ঘটনা ‘অত্যন্ত সংবেদনশীল’ বলে জাহিদুল ইসলাম মন্তব্য করেছেন। তবে জামায়াতের দাবি, এই টাকা নির্বাচনী কাজে ব্যবহারের জন্য নয়, ব্যক্তিগত ব্যবসায়িক লেনদেনের জন্য ছিল।





