সু চির সহযোগীকে ১৭৩ বছর কারাদণ্ড দিয়েছে মিয়ানমার আদালত
মিয়ানমারের ক্ষমতাচ্যুত ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দলের ৫২ বছর বয়সী উইন মিন্ট হ্লাইং নামের এক সংসদ সদস্যকে ১৭৩ বছর কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।
সবশেষ এক রায়ে এই নেতাকে ১৪৮ বছর কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। এর আগে বিভিন্ন অভিযোগে ২৫ বছর সাজা পেয়েছেন তিনি।
এ বিষয়ে সংশ্লিষ্ট এক ব্যক্তি জানান, সোমবার দেশটির বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুন থেকে প্রায় ৪৮০ কিলোমিটার (৩০০ মাইল) উত্তরে ম্যাগওয়ে জেলার আদালত সন্ত্রাস দমন আইনের আটটি অভিযোগে উইন মিন্ট হ্লাইংকে দোষী সাব্যস্ত করে ১৪৮ বছরের কারাদণ্ড দেন। তিনি বলেন, এর আগে উসকানি ও সন্ত্রাসী কাজে জড়িত থাকার অভিযোগে তাকে ২৫ বছরের সাজা দেয়া হয়।
উইন মিন্ট হ্লাইং বর্তমানে ম্যাগওয়ে কারাগারে আছেন। এই কারাগারে দীর্ঘ মেয়াদে সাজা পাওয়া বন্দিদের রাখা হয়। সন্ত্রাসবাদ এবং অভ্যুত্থানবিরোধী কার্যকলাপের অভিযোগে মিয়ানমারে জুলাই মাসে চারজন রাজনৈতিক নেতাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়।





