“সুপেয় পানি নিশ্চিত করতে আরও জোরালো পদক্ষেপ নিতে হবে”
স্বাস্থ্যসেবায় সকলের জন্য সুপেয় পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যকর ব্যবস্থা নিশ্চিত করতে আগের চেয়ে আরও জোরালো পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
তিনি নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে হাঙ্গেরি ও ফিলিপাইনের যৌথ আয়োজনে ‘স্বাস্থ্যসেবা সুবিধায় পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি: পাঠ শেখা ও এগিয়ে যাওয়ার পথ’ শীর্ষক উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে বক্তৃতাকালে একথা বলেন। আজ এখানে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশের সব মানুষের জন্য সুপেয় পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বাংলাদেশের প্রধান অর্জনগুলো তুলে ধরেন।
পানি সরবরাহ ও স্যানিটেশন জাতীয় কৌশল- ২০২১ এর উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৯৮ শতাংশ মানুষের সুপেয় পানি সুবিধা, ৮০ শতাংশের বেশি মানুষের উন্নত স্যানিটেশন সুবিধা, এবং প্রায় ৭৫ শতাংশের হাত ধোয়ার সুবিধা রয়েছে। বাংলাদেশ কমিউনিটি সম্পূর্ণ স্যানিটেশন পদ্ধতির পথপ্রদর্শক, যা এখন অনেক উন্নয়নশীল দেশের কাছে স্বীকৃত এবং অনুকরণীয়।
বাংলাদেশের সফল অভিজ্ঞতার আলোকে আব্দুল মোমেন বিশ্বব্যাপী পানি, স্যানিটেশন ও স্বাস্থ্য সেবায় অগ্রগতির সংকট সমাধানে কতিপয় সুনির্দিষ্ট সুপারিশ করেন।
আরও পড়ুনঃ আমরা ২৫ মার্চকে আর্ন্তজাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি চাই: প্রধানমন্ত্রী





