সামরিক সহায়তা করলেও ইসরাইলে সেনা পাঠাবে না যুক্তরাষ্ট্র
চলমান সংঘাতে ইসরাইলকে বিভিন্ন ধরনের সামরিক সহায়তা করলেও দেশটিতে কোনও মার্কিন সেনা পাঠানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি।
আজ মঙ্গলবার এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেন, ইসরাইলে সেনা পাঠানোর কোনও পরিকল্পনা নেই মার্কিন সরকারের। তবে সরকার ওই অঞ্চলে মার্কিন স্বার্থ রক্ষা করবে।
কিরবি বলেন, ইসরাইল মার্কিন সরকারের কাছে নিরাপত্তার জন্য অনুরোধ করেছেন। যুক্তরাষ্ট্র যতদ্রুত সম্ভব এই অনুরোধ রক্ষা করার চেষ্টা করবে।
হামাসকে ইরানের সহায়তা প্রসঙ্গে কিরবি বলেন, হামাসের হামলায় ইরান জড়িত আছে কি না – এ নিয়ে বেশ জটিলতা আছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনও শক্ত প্রমাণ পাওয়া যায়নি।
হামাসের সঙ্গে লড়াইয়ে ইসরাইলকে সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে বিভিন্ন যুদ্ধাস্ত্র, ফাইটার জেট ও রণতরী পাঠাবে দেশটি।
আরও পড়ুনঃ পদ্মা সেতুতে চললো ট্রেন





