“সমাজে নৈরাজ্যকর পরিস্থিতির জন্য অগণতান্ত্রিক সরকার দায়ী”
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সীমাহীন দুর্নীতি, লুটপাট ও টাকা পাচারে ঘটনা দেখে পেশাগত ডাকাতরা উৎসাহিত হয়ে সন্ত্রাসী গোষ্ঠী পাহাড়ে ব্যাংক ডাকাতি ও লুটপাটের ঘটনা ঘটাচ্ছে। সরকারের নতজানু নীতির কারণে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পাহাড়ে সন্ত্রাসের অভয়ারণ্য সৃষ্টি করেছে। সমাজে নৈরাজ্যকর পরিস্থিতির জন্য অগণতান্ত্রিক সরকার দায়ী।
সাম্প্রতিক ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে আজ বৃহস্পতিবার গণমাধ্যমের সঙ্গে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, রাষ্ট্র যখন নিজেই লুটেরাদের ভুমিকা পালন করে, দুর্নীতি ও সন্ত্রাসের ওপর ভর করে ক্ষমতায় থাকতে চায় সেটা দেখে সমাজে পেশাগত ডাকাতরা উৎসাহিত হবেই। মন্ত্রী-এমপিরা এখন বিদেশের মাটিতে মিলিয়ন মিলয়ন ডলারের মালিক এ খবর গণমাধ্যমে সবাই দেখেছে। একজন এমপির বিদেশে ২৫০-৩০০ বাড়ি এটি চিন্তা করা যায়? সুতরাং সমাজের পেশাগত ডাকাতরাতো উৎসাহিত হবেই।
তিনি বলেন, ক্ষমতাসীনরা লাখ লাখ কোটি টাকা পাচার করে বেগম পাড়া, সেকেন্ড হোম তৈরি করেছে। তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। কেউ এ সরকারকে স্বীকৃতি দেয়নি।
তিনি বলেন, দেশে যখন গণবিরাধী সরকার থাকে তখন দেশের অভ্যন্তরে নানা সন্ত্রাসী গোষ্ঠী জন্ম নেয়। আর পাহাড়ের সন্ত্রাসের ঘটনায় যে সরকারের ইনভলমেন্ট নেই সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। এটি অত্যন্ত রহস্যজনক। তারা জনদৃষ্টিকে ভিন্ন খাতে নিতে এ ধরণের ঘটনা ঘটাচ্ছে কি না তাও বলা যাচ্ছে না।
আরও পড়ুনঃ “ইদানীং কুকি চিন বিভিন্নভাবে তাদের অবস্থান জানান দিচ্ছে”





