“সবার সহোযোগিতা পেলে বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান অবশ্যই উন্নত করা সম্ভব”
সবার সহোযোগিতা পেলে আমরা বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান উন্নত করা সম্ভব বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।
আজ বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজের ডা. শহিদ মিলন অডিটোরিয়ামে নর্থ আমেরিকা মেডিকেল অ্যাসোসিয়েশন ও ঢাকা মেডিকেল কলেজ-এর যৌথ আয়োজনে ‘ডোনেশন অব মডার্ন হেলথ কেয়ার ইকুইপমেন্ট অ্যান্ড হ্যান্ডস অন ট্রেইনিং’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী এসময় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বেড সংখ্যা বৃদ্ধি প্রসঙ্গে বলেন, বঙ্গবন্ধুর হাত দিয়ে ৫ বেডের বার্ন ইউনিট শুরু করেছিলাম। তার মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত দিয়ে ৫০০ বেডে উন্নীত করেছি। চেষ্টা থাকলে সবই করা সম্ভব। এভাবে সবার সহোযোগিতা পেলে আমরা বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান অবশ্যই উন্নত করতে পারবো।
অনুষ্ঠানে উপস্থিত ঢাকা মেডিকেলের শিক্ষার্থীদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী এসময় বলেন, ঢাকা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা যে পরিমাণ পরিশ্রম করেন, তাদের আমি মনে করি নোবেল দেওয়া উচিত। হাজার হাজার রোগীকে দিনরাত অক্লান্ত সেবা দিয়ে এই চিকিৎসকরা সুস্থ করে তোলেন। চিকিৎসকদের এ কৃতিত্ব অবশ্যই দিতে হবে।





