“রোহিঙ্গাদের জন্য ভোগান্তির শিকার কক্সবাজারের ৩০ লাখ বাসিন্দা”
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেছেন, মিয়ানমার থেকে আসা ১৩ লাখ রোহিঙ্গার জন্য, মারাত্মক ভোগান্তির শিকার কক্সবাজারের ৩০ লাখ বাসিন্দাসহ পুরো জাতি। রোহিঙ্গাদের পিছনে বাংলাদেশের পক্ষ থেকেও একটি বড় খরচ হচ্ছে।
সচিবালয়ে বাংলাদেশের নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিনডের সৌজন্য সাক্ষাৎ শেষে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।
তিনি বলেন, মিয়ানমারের যুদ্ধ পরিস্থিতি ও তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিয়ে কোন উদ্বেগ নেই। সেখানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য খাদ্যদ্রব্যসহ সার্বিক খরচ বাড়লেও বিদেশি অনুদান কমছে। অনুদান বাড়ানোসহ রোহিঙ্গাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে আন্তর্জাতিকভাবে ভূমিকা রাখতে সুইডেনের প্রতি অনুরোধ জানানো হয়েছে। রোহিঙ্গাদের ভাষানচরে পুনর্বাসনের জন্য সুইডেনের সহযোগিতা চাওয়া হয়েছে।
এ সময় তিনি আরো বলেন, তাদের খাদ্যদ্রব্য সহ সার্বিক ব্যবস্থাপনার খরচ বিদেশি অনুদান থেকে ব্যয় করা হলেও সরকারের অসংখ্য কর্মকর্তা এই ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত। তাদের সার্বিক ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ সরকারের একটি বড় খরচ হচ্ছে। ২০১৭ সাল থেকে এ পর্যন্ত রোহিঙ্গাদের পিছনে কী পরিমান অর্থ ব্যয় হয়েছে শিগগিরই এ বিষয়ে একটি চূড়ান্ত হিসাব বের করা হবে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।
আরও পড়ুনঃ “যাচাই বাছাই করেই সংরক্ষিত নারী আসনে প্রার্থী বেছে নিয়েছে আওয়ামী লীগ”





