“রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে আপ্রাণ চেষ্টা করছি”
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ইংল্যান্ডের মতো দেশে তিনটির বেশি টমেটো না কিনতে নিয়ম করা হয়েছে। সেই হিসেবে আমরা ভালো আছি। রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে আমরা আপ্রাণ চেষ্টা করছি।
আজ শনিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার দাড়িয়াপাড়ায় নর্থপয়েন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিত্তি স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির ফলে দেশেও পণ্যমূল্য বেড়েছে। ইংল্যান্ডের মতো দেশে তিনটির বেশি টমেটো না কিনতে নিয়ম করা হয়েছে। সেই হিসেবে আমরা ভালো আছি। রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে আমরা আপ্রাণ চেষ্টা করছি।
তিনি বলেন, আমাদের দেশ থেকে কেউ কেউ ভারতের বিভিন্ন এলাকায় চিকিৎসার জন্য যায়। এক হাজার শয্যার আন্তর্জাতিকমানের এই হাসপাতাল হলে চিকিৎসার জন্য তারাই এখানে আসবে। ভারত, নেপাল, ভুটানসহ আশপাশের দেশগুলোর শিক্ষার্থীরা এখানে মেডিকেলে পড়তে আসবে। এতে রংপুর বিভাগের অর্থনীতির চিত্র বদলে যাবে।
উদ্যোক্তারা জানান, চীনা নাগরিক জুয়াং লিফেং এবং স্থানীয় কয়েকজন উদ্যোক্তার যৌথ অর্থায়নে প্রায় আড়াই হাজার কোটি টাকা বিনিয়োগে ৩২ একর জমির ওপর আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই মেডিকেল কলেজ ও হাসপাতালটি নির্মাণ করা হবে। আগামী আড়াই বছরের মধ্যে হাসপাতালটি চালু করা হবে এবং পরবর্তীকালে মেডিকেল কলেজের কাজ শুরু হবে।
আরও পড়ুন : মশলার ইতিহাস: জায়ফলের বিনিময়ে তখন একই ওজনের সোনা মিলতো!





