মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা
প্রথমবারের মতো সাভারে জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
আজ মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্র প্রধান জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর একটি চৌকস দল এই অনুষ্ঠানে রাষ্ট্রীয় স্যালুট দেন। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পরে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।





