মিস ইউনিভার্সে বিস্ফোরক কেলেঙ্কারি: কারচুপি-অভিযোগে পদত্যাগ করলেন দুই বিচারক
৭৪তম মিস ইউনিভার্স ২০২৫-এর চূড়ান্ত পর্বের ঠিক আগ মুহূর্তে বোমা ফাটালেন দুই তারকা বিচারক! লেবানিজ-ফরাসি সংগীতশিল্পী ওমর হারফুশ ও ফরাসি ফুটবল কিংবদন্তি ক্লদ মাকেলেলে পদত্যাগ করেছেন। অভিযোগ: প্রতিযোগিতায় সরাসরি কারচুপি ও স্বজনপ্রীতি!
মঙ্গলবার (১৮ নভেম্বর) ইনস্টাগ্রামে হারফুশ লেখেন: “আমাকে ছাড়াই একটি অস্থায়ী জুরি গঠন করে ১৩৬ জনের মধ্যে টপ-৩০ বেছে নেওয়া হয়েছে। এই অস্থায়ী জুরির কয়েকজনের সঙ্গে কিছু প্রতিযোগীর ব্যক্তিগত সম্পর্ক আছে। এতে স্বার্থের দ্বন্দ্ব তৈরি হয়েছে। আমি এই অনৈতিক প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকতে পারি না।”
কয়েক ঘণ্টা পরই ক্লদ মাকেলেলে কালো ব্যাকগ্রাউন্ডে লেখেন: “আমি মিস ইউনিভার্স ২০২৫-এ আর নেই। ধন্যবাদ সবাইকে।”
আজ ১৯ নভেম্বর থাইল্যান্ডে ১৩৬ দেশের সুন্দরীদের মধ্যে টপ-৩০ নির্বাচন হবে। ২১ নভেম্বর নন্থাবুরির ইমপ্যাক্ট চ্যালেঞ্জার হলে গ্র্যান্ড ফিনালে, যেখানে ঘোষিত হবে মিস ইউনিভার্স ২০২৫-এর নাম। কিন্তু দুই সেলিব্রিটি বিচারকের এই পদত্যাগের পর প্রতিযোগিতার স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন উঠেছে।
সোশ্যাল মিডিয়ায় ঝড় চলছে। অনেকে বলছেন, এবারের আসরে কিছু দেশের প্রতিযোগীকে ‘ফেভারিট’ করার জন্য গোপনে জুরি বদলানো হয়েছে। মিস ইউনিভার্স অর্গানাইজেশন এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।





