মাতৃভাষা পিডিয়ার উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে মাতৃভাষা পিডিয়ার প্রকাশনা কার্যক্রমের উদ্বোধন করেছেন।
আজ বুধবার দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘মাতৃভাষা পিডিয়ার’ এ প্রকাশনা কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।
এ বছর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে মাতৃভাষা বিশ্বকোষটি প্রধানত বাংলা এবং ইংরেজি – এই দুই ভাষায় প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে। দুই ভাষায় প্রকাশিতব্য গ্রন্থটি প্রকাশের প্রাথমিক পরিকল্পনা হলো বাংলা সংস্করণ: মাতৃভাষা পিডিয়া শিরোনামে বাংলা ভাষায় প্রকাশিত হবে ৫টি ভলিউম এবং ইংরেজি সংস্করণ: ‘‘Mother Language Pedia’’ শিরোনামে ইংরেজি ভাষায় প্রকাশিত হবে ৫টি ভলিউম।
অনুষ্ঠানে আয়োজকরা জানান, বাংলা ভাষা এবং এদেশে বিদ্যমান অন্যান্য নৃ-ভাষার ঐতিহ্য হাজার বছরের। পৃথিবীর সমৃদ্ধতম ভাষাগুলোর একটি বাংলা। মাতৃভাষা পিডিয়া রচনার মাধ্যমে বাংলাদেশের ভাষাকে যেমন বিশ্বে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে; তেমনি বিশ্বের বিভিন্ন ভাষার গবেষকদের জন্য মাতৃভাষা পিডিয়া তথ্য-উৎসের আকরগ্রন্থে পরিণত হবে।
আরও পড়ুনঃ গণঅবস্থানে বিএনপি; সতর্ক আওয়ামী লীগ





