ভোলার মাটিতে চাঁদাবাজির কোনো স্থান নেই: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “ভোলার বীর জনতা স্বৈরাচার শেখ হাসিনাকে তাড়িয়েছে, এখন আর কোনো নব্য স্বৈরাচার বা চাঁদাবাজ এই মাটিতে টিকতে পারবে না। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই, যেখানে বৈষম্য, ভেদাভেদ, চাঁদাবাজি বা লুটপাটের কোনো স্থান থাকবে না।” মঙ্গলবার বিকেল ৪টায় ভোলা প্রেসক্লাব চত্বরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র ১৫তম দিনের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম জুলাই গণঅভ্যুত্থানে ভোলার ৫৭ জন শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “জুলাই-আগস্টের আন্দোলনে ভোলার মানুষ অসাধারণ সাহসিকতা দেখিয়েছে। একক জেলা হিসেবে সবচেয়ে বেশি শহীদ এই দ্বীপ জেলায়। তাই আমরা ভোলাবাসীর পাশে এসেছি, তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে।” তিনি আরও বলেন, “ভোলার মানুষের ত্যাগ কখনো ভুলে যাওয়া যাবে না। এই জেলার মানুষ প্রমাণ করেছে, তারা অন্যায়ের বিরুদ্ধে কখনো মাথা নত করে না।”
ভোলার সম্পদের প্রসঙ্গ টেনে নাহিদ বলেন, “ভোলাকে গ্যাসের শহর বলা হয়, কিন্তু এখানকার গ্যাস দেশের অন্যত্র সরবরাহ করা হলেও ভোলাবাসী তা থেকে বঞ্চিত। এই বৈষম্য আর চলবে না। জাতীয় নাগরিক পার্টি ভোলার জনগণের অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
ভোলার স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থার দুর্বলতার সমালোচনা করে তিনি বলেন, “ভোলার হাসপাতালের অবস্থা অত্যন্ত নাজুক, যোগাযোগ ব্যবস্থাও অনেক পিছিয়ে। এনসিপি প্রতিশ্রুতি দিচ্ছে, ভোলাকে আমরা একটি সমৃদ্ধ ও আধুনিক জেলায় রূপান্তরিত করব। এখানকার মানুষ আর অবহেলিত থাকবে না।”
নাহিদ ইসলাম বলেন, “আমরা শুধু হাসিনার পতন নয়, দুর্নীতি ও চাঁদাবাজির সিস্টেমেরও পতন চেয়েছিলাম। ভোলার মানুষ কখনো চাঁদাবাজ, ধর্ষক বা লুটেরাদের স্থান দেবে না। আমরা এমন এক বাংলাদেশ গড়ব, যেখানে ইনসাফ ও সমতার ভিত্তিতে সবাই সমান সুযোগ পাবে।”





