ফেব্রুয়ারিতে ভোটযুদ্ধ; শিক্ষা-স্বাস্থ্য-নিরাপত্তায় ইসি’র মহাপ্রস্তুতি
আগামী ফেব্রুয়ারির প্রথম পক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এ লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) পুরোদমে প্রস্তুতি শুরু করেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার শীর্ষ কর্মকর্তাদের নিয়ে সমন্বয় সভা করেছে কমিশন। সভায় ভোটকেন্দ্রের অবকাঠামো, লজিস্টিকস, আইনশৃঙ্খলা, বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা থেকে শুরু করে বাজেট ব্যবস্থাপনা—সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
ইসি সচিব আখতার আহমেদ সভা শেষে জানান, ফেব্রুয়ারিতে এসএসসি বা এইচএসসি পরীক্ষা হলে যেন তা নির্বাচনের তারিখের সঙ্গে সংঘর্ষ না করে, সেজন্য শিক্ষা মন্ত্রণালয়কে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় সরকার বিভাগ, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে—ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যেন আগেভাগেই প্রস্তুত রাখা হয়। রাস্তাঘাট মেরামত, প্রবেশপথ সংস্কারের জন্যও সংশ্লিষ্টদের তাগিদ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে বলা হয়েছে, ভোটের দিন নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেটদের সঠিকভাবে নিয়োগ দিতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রতি উপজেলায় এবং প্রয়োজনে ইউনিয়ন পর্যায়ে ক্লাস্টারভিত্তিক মেডিকেল টিম থাকবে—যাতে থাকবে চিকিৎসক, নার্স ও জরুরি ওষুধ। দুর্গম এলাকায় হেলিকপ্টার ল্যান্ডিং সুবিধা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে অনুরোধ করা হয়েছে।
প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসারদের জন্য পূর্ণাঙ্গ প্যানেল তৈরি হচ্ছে। এতে সরকারি শিক্ষক ও ব্যাংক কর্মকর্তারা অগ্রাধিকার পাবেন। প্রবাসী, সরকারি কর্মী ও নির্বাচনি দায়িত্বে থাকা ব্যক্তিদের জন্য পোস্টাল ব্যালটের নতুন অ্যাপ তৈরি হয়েছে—যার উদ্বোধন হবে ১৬ নভেম্বর।
তথ্য মন্ত্রণালয় ও বিটিভির নেতৃত্বে ভোটার সচেতনতা কার্যক্রম চলবে। সংসদ টিভি ও বিটিভি নিউজে ফ্ল্যাশ বার্তা প্রচার হবে। বিদেশি পর্যবেক্ষকদের ভিসা দ্রুত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে।
অর্থ বিভাগের কাছে নির্বাচনি বাজেট চাওয়া হয়েছে, তবে সবাইকে সাশ্রয়ী হতে নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক ৪-৫ দিনের মধ্যে ঋণখেলাপিদের হালনাগাদ তথ্য দেবে।
শাপলা কলি’ প্রতীক যুক্ত করা হয়েছে কমিশনের নিজস্ব সিদ্ধান্তে—কোনো দলের চাপে নয়। আগের তফসিল সংশোধন করে ১১৯টি প্রতীকের নতুন তালিকা প্রকাশ করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। চার কমিশনারসহ স্বরাষ্ট্র, শিক্ষা, বিদ্যুৎ, স্বাস্থ্য, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইসি জানায়, ফেব্রুয়ারির আবহাওয়া অনুকূলে থাকলেও আগাম প্রস্তুতি ছাড়া কোনো ঝুঁকি নেওয়া হবে না।





