প্রথম টিকিটেই জ্যাকপট: দুবাইয়ে বাংলাদেশি দর্জির ৬৫ কোটি টাকার লটারি জয়
দুবাইয়ে বসবাসরত বাংলাদেশি দর্জি সবুজ মিয়া আমির হোসেন দেওয়ান বিগ টিকিটের সর্বশেষ ড্র-তে প্রথমবার টিকিট কিনেই ২ কোটি দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৬৫ কোটি ৬৯ লাখ টাকার বেশি) জ্যাকপট জিতেছেন। ১৮ বছর ধরে দুবাইয়ে দর্জির কাজ করে পরিবারের জন্য অক্লান্ত পরিশ্রম করা ৩৬ বছর বয়সী সবুজ এই জয়ে হতবাক।
সবুজ জানান, বন্ধুদের কাছে বিগ টিকিটের কথা শুনে তিনি আবুধাবির একটি দোকান থেকে প্রথমবারের মতো টিকিট কিনেছিলেন।
তিনি বলেন, “একজন সাধারণ দর্জি হিসেবে আমার আয় খুবই সীমিত। এই জয় আমার জন্য অবিশ্বাস্য। আমার পরিবারের ভবিষ্যৎ এখন বদলে যাবে।”
পুরস্কারের টাকা কীভাবে ব্যবহার করবেন, তা নিয়ে তিনি পরিবারের সঙ্গে আলোচনা করবেন বলে জানান। তবে ভবিষ্যতে আবার বিগ টিকিট কেনার কথাও বিবেচনা করছেন তিনি।
এদিকে, সবুজই এই মাসে একমাত্র ভাগ্যবান নন। শারজায় বসবাসরত আরেক বাংলাদেশি প্রবাসী, ৪২ বছর বয়সী ব্যবসায়ী পারভেজ হোসেন, বিগ টিকিটে একটি রেঞ্জ রোভার ভেলার গাড়ি জিতেছেন। ২০০৯ সাল থেকে শারজায় থাকা পারভেজ প্রতি মাসে বন্ধুর সঙ্গে আবুধাবি গিয়ে টিকিট কিনতেন।
এই দুই বাংলাদেশির জয় প্রবাসীদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।





