পাট ব্যাগকে সহজলভ্য ও কম মূল্যে বাজারে আনতে চাই: বাণিজ্য উপদেষ্টা
বস্ত্র ও পাট এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, পাট ব্যাগকে আমরা সহজলভ্য ও কম মূল্যে বাজারে আনতে চাই। এর সুবিধা হলো এ ব্যাগ পুনরায় ব্যবহার করা যায়, সাশ্রয়ী এবং পরিবেশ উপযোগী।
আজ সোমবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয় আয়োজনে পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহার নিশ্চিতে ঢাকা মহানগরস্থ বিভিন্ন বাজারসমূহের সভাপতি বা সম্পাদক নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিপণন সহজ করতে আপনারা ভূমিকা রাখেন। এ ব্যাগ কিভাবে বেশি বিপণন করা যায়, কি ধরনের সাইজ হবে- তা আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি।
মতবিনিময়কালে বাজারসমূহের প্রতিনিধিরা পাটব্যাগ সরবরাহ নিশ্চিত করা ও কম দামে ব্যাগের চাহিদার কথা জানান। একইসাথে পলিথিন ব্যাগ উৎপাদন রোধের পক্ষে মত দেন।
এসময় উত্তরা-বাড্ডা কাঁচা বাজার সভাপতি হাজী আব্দুল হালিম বলেন, ‘বিভিন্ন সাইজের ব্যাগের সরবরাহ দিতে হবে। এজন্য ডিলার রাখলে তা (পাটব্যাগ) পাওয়া সহজ হবে।’
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ সভাপতির বক্তব্যে বলেন, ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’ বাস্তবায়নের লক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয় দেশব্যাপী পলিথিনের বিকল্প হিসেবে পাটব্যাগ প্রচলন করতে উদ্যোগী ভূমিকা রাখছে। সে লক্ষ্যে আমরা উপদেষ্টার নির্দেশে কাজ করছি।’





