নার্সদের সদ্ব্যবহারে রোগীরা অর্ধেক ভালো হয়ে যায়: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ডাক্তারের তুলনায় রোগীদের সবচেয়ে কাছের মানুষ নার্সরা। তাই রোগীদের প্রতি ভালো ব্যবহার করতে হবে। নার্সদের সদ্ব্যবহারে রোগীরা অর্ধেক ভালো হয়ে যায়, মনোবল বাড়ে। তাদের সেবাই বিদেশমুখিতা কমাতে পারে।
বৃহস্পতিবার রাজধানীর কলেজ অব নার্সিংয়ে নার্স শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের (এনটিটিসি) ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
মহামারি করোনাভাইরাস মোকাবিলায় নার্সদের ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, ‘ডাক্তার ও নার্স চাইলে রোগীদের ভালো সেবা দিতে পারেন। এরই মধ্যে তারা সেটি করেও দেখিয়েছেন। কোভিডের সময়ে জীবনের ঝুঁকি নিয়ে নার্সরা কাজ করেছেন। অনেকে আক্রান্ত হয়েছেন, মারাও গেছেন। কিন্তু সেবা দেওয়া থেকে বিরত থাকেননি। রোগীর স্বজনরা হাসপাতালে ফেলে রেখে গেলেও নার্সরা চলে যাননি। তারা সেবা দিয়ে গেছেন। এটি আমাদের বড় পাওয়া। কোভিড মোকাবিলায় সফলতার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল নার্সদের।’
বর্তমান সরকারের সময়ে স্বাস্থ্যখাতে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে দাবি করে জাহিদ মালেক বলেন, ‘গত ১৫ বছরে এ খাতে অনেক কিছু অর্জন হয়েছে। অনেক মেডিকেল কলেজের পাশাপাশি জেলা হাসপাতালে আইসিইউ হয়েছে। নার্সদের শিক্ষা, চাকরির সুযোগ অনেক বেড়েছে। এ জন্য সাড়ে ৩শ ইনস্টিটিউট হয়েছে। গত ৫ বছরে স্বাস্থ্যখাতে ২৫ হাজার নার্স নিয়োগ হয়েছে। নার্সরাও যাতে উচ্চশিক্ষা নিতে পারে সেই সুযোগও নিশ্চিত করেছে সরকার।’
আরও পড়ুনঃ “বাংলাদেশে ই-ভিসা খুব শিগগিরই চালু হবে”





