নাইজেরিয়ার রেলস্টেশন থেকে ৩২ জন অপহৃত
নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় এডো রাজ্যের এক রেলস্টেশনে স্টেশনের কর্মী এবং ট্রেনের জন্য অপেক্ষায় থাকা যাত্রীসহ ৩২ জন অপহরণের শিকার হয়েছেন।
সোমবার এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয়দের সহায়তায় নিরাপত্তা বাহিনী অপহরণকারীদের অনুসন্ধান এবং অপহৃতদের উদ্ধারে অভিযান শুরু করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৭ জানুয়ারি) বেশ কিছু বন্দুকধারী একে-৪৭ রাইফেল নিয়ে গুলি ছুঁড়তে ছুঁড়তে স্টেশনে প্রবেশ করে। এরপর তারা যাত্রী ও কর্মীদের আটক করে কাছের একটি জঙ্গলে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলা হয়েছে, যারা কোনোভাবে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন তাদের মধ্যে একজন গুলিবিদ্ধ রয়েছেন। একজন নারী শিশুসহ পালিয়ে গিয়ে একটি লোকালয়ে আশ্রয় নেন। পরে তাকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় এক বাসিন্দার বরাত দিয়ে ভ্যানগার্ড সংবাদপত্র জানিয়েছে, অপহরণকারীরা দুজন শিশুকেও ছেড়ে দিয়েছে।
আরও পড়ুনঃ প্রতি মাসে সমন্বয় হবে জ্বালানি তেল-গ্যাস-বিদ্যুতের দাম: বিদ্যুৎ প্রতিমন্ত্রী





