দেশের বাজারে সোনার দাম ফের বাড়লো
দেশের বাজারে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় এক হাজার ৪০০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, ভালো মানের এক ভরি সোনা কিনতে ক্রেতাকে গুনতে হবে এক লাখ ১২ হাজার ৪৪১ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
এর আগে গত ২৪ ও ১৯ ডিসেম্বর দেশের বাজারে সোনার দাম আরও দুই দফা বাড়ানো হয়। তার আগে ৭ ডিসেম্বর দাম কিছুটা কমানো হয়েছিল। অবশ্য তার আগে গত ৩০, ২৭, ১৯ ও ৬ নভেম্বর এবং ২৭ অক্টোবর সোনার দাম বাড়ানো হয়। অর্থাৎ টানা পাঁচ দফা দাম বাড়ানোর পর গত মাসের শুরুর দিকে কিছুটা কমানো হয়।
কিন্তু ২০২৩ সালের শেষ দিকে দুই দফা এবং নতুন বছরের প্রথম মাসেই এখন আরেক দফা সোনার দাম বাড়ানো হলো। এর মাধ্যমে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় উঠেছে সোনা। এর আগে গত ২৪ ডিসেম্বর ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ১১ হাজার ৪১ টাকা নির্ধারণ করা হয়। এতদিন দেশের বাজারে এটাই ছিল সোনার সর্বোচ্চ দাম। আগামীকাল বৃহস্পতিবার থেকে সেই রেকর্ড ভেঙে নতুন সর্বোচ্চ দামে সোনা বিক্রি হবে।
বুধবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুনঃ পাসওয়ার্ড তৈরির সময় এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো মাথায় রাখুন





