দুর্নীতি, গুম-খুন হবে না, এমন বাংলাদেশই চাই আমরা: হাসনাত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যেখানে দুর্নীতি, গুম-খুন হবে না, এমন বাংলাদেশই চাই আমরা। যেখানে সব ধর্মের মানুষ তার ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে। যে বাংলাদেশে আর আলেম-ওলামাদের মাইক কেড়ে নেওয়া হবে না। তাদের জেলে যাওয়ারও ভয় থাকবে না।
শুক্রবার রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী দরবার শরিফের মাহফিলে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, রাষ্ট্র কখনো আমাদের ঠিক করতে পারবে না, প্রশাসন আমাদের কখনো ঠিক করতে পারবে না, পুলিশ আমাদের ঠিক করতে পারবে না, যতক্ষণ না আমরা নিজেরা ঠিক হই। আপনাদের কাছে অনুরোধ, আপনারা ঘুস থেকে দূরে থাকবেন। তদবির কোনো ভালো জিনিস না। আপনি যদি মনে করেন আপনার পরিচিত লোক ক্ষমতার কাছাকাছি, তার থেকে বিশেষ সুযোগ-সুবিধা নেবেন, সেটাও এক ধরনের অপরাধ।





