জাতীয় ফিচার

ড. ইউনূসের সময়সীমায় একদিনও পিছবে না: প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্ধারিত সময়সীমার মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একদিনও পিছবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘টেডএক্স কুমিল্লা ইউনিভার্সিটি’ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে কোটবাড়ীর বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ময়নামতি অডিটরিয়ামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, “নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। ড. মুহাম্মদ ইউনূস যে সময়সীমার কথা বলেছেন, ঠিক তখনই নির্বাচন হবে। এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন হবে।” তিনি জোর দিয়ে বলেন, “সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে। কেউ যেন বলতে না পারে তাদের প্রতি অন্যায় করা হয়েছে।”

নির্বাচনের সমানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি নিয়ে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, “জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে। আটটি বিষয়ে ঐকমত্যে পৌঁছানো গেছে, সাতটি বিষয়ে আলোচনা চলছে, এবং তিনটি বিষয়ে এখনো বিস্তারিত কথা হয়নি। আমরা বিশ্বাস করি, রাজনৈতিক দলগুলোর বিচক্ষণতায় সব বিষয়ে ভালো সিদ্ধান্ত আসবে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শফিকুল আলম বলেন, “সরকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে। প্রতিটি ঘটনার পর অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে। বিশেষ করে ধর্ষণের মতো স্পর্শকাতর ঘটনায় দ্রুত বিচারের ব্যবস্থা করা হচ্ছে। কোনো অপরাধী এখন পর্যন্ত পার পায়নি।

গোপালগঞ্জের ঘটনা নিয়ে তিনি বলেন, “গোপালগঞ্জের মানুষ বাংলাদেশের মানুষ। সরকার কোনো জেলার প্রতি বৈষম্য করে না। গোপালগঞ্জকে আলাদা করার কোনো সিদ্ধান্ত নেই।” মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “সাংবাদিকদের নিয়ে গোপালগঞ্জ ঘুরে দেখুন, কোনো আইনের ব্যত্যয় হচ্ছে কিনা। কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার হবে না।”

৫ আগস্ট জুলাই সনদ ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, “এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না জুলাই সনদ ঘোষণা হবে কিনা। তবে রাজনৈতিক দলগুলো প্রায় প্রতিদিন এ নিয়ে আলোচনা করছে। অন্যান্য দেশে এ ধরনের রাজনৈতিক সমঝোতা হতে বছরের পর বছর লাগে, কিন্তু আমাদের দেশে দ্রুত অগ্রগতি হচ্ছে। আমরা বিশ্বাস করি, সব দলের মতামতের ভিত্তিতে জুলাই সনদ ঘোষিত হবে।”

কুমিল্লার একজন শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, “নির্বাচন নিয়ে সরকারের এই প্রতিশ্রুতি আমাদের আশাবাদী করেছে। আমরা চাই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন।” স্থানীয় বাসিন্দা রুমা আক্তার বলেন, “আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের তৎপরতা দেখে আমরা স্বস্তি পাচ্ছি।”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র