“ড. ইউনূসের বিরুদ্ধে সরকার নয় বরং শ্রমিকরা মামলা করেছেন”
২৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট-এ ড. ইউনূসের বিচারের বিষয়ে বিভিন্ন নোবেল লরিয়েটের বক্তব্যের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রকৃতপক্ষে এটি বিবৃতি নয় বরং বিজ্ঞাপন। এর আগেও এমন ছাপা হয়েছে। ড. ইউনূসের প্রতি সম্মান রেখে বলতে চাই, বাংলাদেশের বিচার প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ। তার বিরুদ্ধে সরকার নয় বরং শ্রমিকরা মামলা করেছেন। এর আগেও লবিস্ট ফার্মের মাধ্যমে এমন বিজ্ঞাপন ছাপা হয়েছে।
আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ১৪টি দেশের অনাবাসিক রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৪টি দেশের অনাবাসিক রাষ্ট্রদূত, তারা মূলত নতুন সরকারকে অভিনন্দন জানাতে বাংলাদেশে এসেছেন। সোমবার- ২৯ জানুয়ারি তারা গিয়েছিলেন বঙ্গবন্ধুর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করতে। তাদের কেউ কেউ আরও ১০ বছর আগে আমাদের এখানে এসেছিলেন। তারা সেই উন্নয়নের প্রশংসা করেছেন। ১০ বছরে অনেক পরিবর্তন হয়েছে এখানে। প্রতিটি দেশের সঙ্গে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক রিলেশন আছে। বিজনেস রিলেশন আছে। কেউ কেউ ইনভেস্টমেন্ট করার কথাও বলেছেন।
রোহিঙ্গাদের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে ড. হাছান মাহমুদ বলেন, এ বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। আমি সবার সাহায্য কামনা করেছি। রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার জন্য আন্তর্জাতিক চাপ যেন মিয়ানমারের ওপর বৃদ্ধি করা হয়। এজন্য তাদের সবার সাহায্য কামনা করা হয়েছে।
নর্থ মেসিডোনিয়া, হাঙ্গেরিসহ পূর্ব ইউরোপের দেশগুলোতে বাংলাদেশ থেকে কর্মী নেয়ার সুযোগ তৈরি হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের আলোচনায় এ বিষয়টি প্রধান্য পেয়েছে। তারা আগ্রহ প্রকাশ করেছে কর্মী নেয়ার ব্যাপারে।
আজই তারা (১৪ দেশের কূটনীতিকরা) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।
উল্লেখ্য গত রোববার ২৮ জানুয়ারি ৬ দিনের সফরে ঢাকায় আসেন ১৪ দেশের অনাবাসিক রাষ্ট্রদূত। মূলত ভারতে নিযুক্ত এসব দেশের দূতাবাসের কর্মকর্তারা এ সফরে এসেছেন। সফর শেষে ২ ফেব্রুয়ারি ঢাকা ছাড়বেন তারা।
আরও পড়ুনঃ কীভাবে নতুন মায়েরা বিষণ্নতার শিকার হন?





