টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। বুধবার বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ১৫ সদস্যের মূল স্কোয়াড এবং স্ট্যান্ডবাই হিসেবে চার জনের নাম ঘোষণা করেছেন।
অস্ট্রেলিয়া বিশ্বকাপে অধিনায়কের দায়িত্বে থাকছেন সাকিব আল হাসান। এছাড়া তার ডেপুটি হিসেবে থাকছেন ইনজুরি কাটিয়ে দলে ফেরা নুরুল হাসান সোহান।
মাস দুয়েক আগেও ছিলেন টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে জিম্বাবুয়ে সিরিজের আগে নেতৃত্ব হারানোর পর থেকে দলে তার জায়গাটা বেজায় নড়বড়ে ছিল।
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে মাত্র ১৬.৫৪ গড় ও ১০২.৮২ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এ ব্যাটসম্যান।
টিম ডিরেক্টর খালেদ মাহমুদ কয়েক দিন আগেই বলেছেন, মাহমুদউল্লাহর সাম্প্রতিক পারফরম্যান্স তাদের প্রত্যাশা পূর্ণ করতে পারেনি। যদিও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, মাঠ থেকেই রিয়াদকে বিদায় জানাতে চান তারা। তবে শেষমেশ তাকে বাদ দিয়েই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
আরও পড়ুনঃ এশিয়া কাপের ট্রফি ঘরে তুলল শ্রীলংকা
এদিকে, ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন লিটন দাস, ইয়াসির আলি রাব্বি এবং নুরুল হাসান সোহান। প্রথম বিশ্বকাপ খেলতে নামবেন ইয়াসির রাব্বি, এবাদত হোসেন এবং হাসান মাহদি। বিশ্বকাপের দলে সুযোগ দেয়া হয়েছে সাব্বির রহমান এবং মোহাম্মদ সাইফউদ্দিনকেও। তবে চমক হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্ত। ধারাবাহিকভাবে ব্যর্থ এ ক্রিকেটারের ওপর আবারও আস্থা রাখল বোর্ড।
কারা থাকছেন বাংলাদেশ দলে;
লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী রাব্বি, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ এবং নাজমুল হোসেন শান্ত।
স্ট্যান্ডবাই : শরিফুল ইসলাম, শেখ মেহেদী, রিশাদ হোসেন ও সৌম্য সরকার।






টেনিস থেকে অবসরের ঘোষণা দিলেন ফেদেরার - tathyasangjog
September 14, 2022[…] […]