জাফলং রক্ষায় কঠোর সিদ্ধান্ত: পাথর কোয়ারি লিজ বন্ধের ঘোষণা
সিলেটের জাফলংকে পর্যটকবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে পাথর কোয়ারির লিজ আর দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ, জ্বালানি, খনিজসম্পদ ও রেল-সড়ক যোগাযোগ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মো. ফায়জুল কবির খান। শনিবার সকালে জাফলং পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারা এ সিদ্ধান্ত জানান।
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “জাফলং একটি পরিবেশগতভাবে সংকটাপন্ন এলাকা। পাথর কোয়ারিগুলো এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশের ব্যাপক ক্ষতি করছে। আমরা এই এলাকাকে পর্যটনের জন্য উপযোগী করতে চাই।” তিনি জানান, শ্রমিকদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং জাফলংয়ের উন্নয়নে একটি মহাপরিকল্পনা প্রণয়ন করা হবে।
উপদেষ্টা ফায়জুল কবির খান বলেন, “পাথর কোয়ারির কারণে জাফলংয়ের পরিবেশ ও ভূমির ক্ষতি অগ্রহণযোগ্য। আমরা এই অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় কঠোর পদক্ষেপ নিচ্ছি।” তিনি স্থানীয় প্রশাসনকে এ বিষয়ে কঠোর নজরদারি ও পরিকল্পনা বাস্তবায়নে তৎপর থাকার নির্দেশ দেন।
পরিদর্শনকালে সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





