“জনগণের ভোটাধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে”
জনগণের ভোটাধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করতেই হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আজ শনিবার সকাল ১১টায় সিলেটে নিজ বাসভবনে সিটি করপোরেশেনের মেয়র ও কাউন্সিলরদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ড. এ কে আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেশ-জনগণই মুখ্য, অন্য কিছু নয়। যার কারণে বিগত ১০ বছর সিসিক মেয়রের পদ আওয়ামী লীগের না হলেও উন্নয়নে বিন্দুমাত্র বৈষম্য ছিল না।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সিলেট-১ আসন অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি আসন। আর এই আসনের ভোটারদের কাছে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাদের সুবিধা অসুবিধায় কাউন্সিলররা সবসময় পাশে থাকেন। একই সঙ্গে তারা সরকারের মাঠ পর্যায়ের সেবা ও উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। তাই ভোটারদের নির্বাচনমুখী করতে কাউন্সিলদের কোনো বিকল্প নেই।
সভায় সিটি করপোরেশনের কাউন্সিলররা নির্বাচনে বিজয় সুনিশ্চিতের জন্য তৃণমূল পর্যায়ে প্রচারণা ও ভোটারদেরকে নির্বাচনমুখি করার বিভিন্ন দাবি, পরিকল্পনা, সুপারিশ প্রদান করেন। পররাষ্ট্রমন্ত্রী সেগুলো বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুনঃ “কিছু কিছু দল নির্বাচন থেকে দূরে থাকলেও জনগণ নির্বাচনমুখী”





