চট্টগ্রাম এনসিটি টার্মিনাল পরিচালনায় আগামী ৬ মাসের জন্য নৌবাহিনীকে সুপারিশ করেছে সরকার
নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) আগামী ছয় মাসের জন্য বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হবে। তিনি স্পষ্ট করেছেন, এই প্রক্রিয়ায় বর্তমান কর্মীদের চাকরির কোনো ক্ষতি হবে না এবং প্রয়োজনে নৌবাহিনী পূর্ববর্তী অপারেটরদের সহযোগিতা নিতে পারবে। আজ সচিবালয়ে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, “গতকাল উপদেষ্টা পরিষদের বৈঠকে এনসিটি পরিচালনার জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে (সিপিএ) পূর্ণ কর্তৃত্ব দেওয়া হয়েছে। সরকার নৌবাহিনীকে ছয় মাসের জন্য এই দায়িত্ব দেওয়ার বিষয়টি উপযুক্ত মনে করছে।” তিনি জোর দিয়ে বলেন, “দেশের স্বার্থের সঙ্গে কোনো আপস করা হবে না। বিদেশি কোনো কোম্পানির সঙ্গে এখনো কোনো চুক্তি হয়নি এবং সরকার দেশবিরোধী কোনো পদক্ষেপ নেবে না।”
তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দরের কার্যক্রমকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সিপিএ কাজ করছে। দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে প্রাথমিক আলোচনা চলছে, তবে তারা কেবল সিপিএ’র অধীনে নির্ধারিত মেয়াদে কার্যক্রম পরিচালনা করবে। বন্দরের সার্বিক নিয়ন্ত্রণ ও মালিকানা সিপিএ’র হাতেই থাকবে।
উপদেষ্টা জানান, আন্তর্জাতিক মানের অপারেটর নিয়োগ হলে বন্দরের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি পাবে। “পণ্য খালাসের সময় কমবে, বড় জাহাজ ভিড়বে, নতুন নৌ-রুট তৈরি হবে এবং জাহাজ ভাড়া হ্রাস পাবে। বর্তমানে ৪,০০০-৫,০০০ টিইইউ কনটেইনার হ্যান্ডলিং হচ্ছে, যা ৬,০০০-এ উন্নীত হবে। এতে বার্ষিক কনটেইনার হ্যান্ডলিং ১৫-২০% বৃদ্ধি পাবে।”





