‘খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য অনুমাননির্ভর’
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ‘সিটিস্ক্যান করা হয়েছে’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত সংবাদকে ‘ভিত্তিহীন গুজব’ আখ্যা দিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছে বিএনপি মিডিয়া সেল।
রোববার রাতে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এক বিবৃতিতে বলেন, “চিকিৎসা-সংক্রান্ত যে কোনো খবর প্রকাশে অত্যন্ত দায়িত্বশীল হতে হবে। বেগম জিয়ার মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বারবার অনুরোধ করেছেন—অনুমান বা অনির্ভরযোগ্য সূত্রের বরাতে কোনো স্বাস্থ্য-সংবাদ পরিবেশন করবেন না। এ ধরনের খবর জনমনে বিভ্রান্তি ও উদ্বেগ সৃষ্টি করে।”
তিনি আরও জানান, “বেগম খালেদা জিয়া এখনো এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে (CCU) নিবিড় পর্যবেক্ষণে আছেন। মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বক্তব্য বা সংবাদ বিজ্ঞপ্তি ছাড়া তাঁর চিকিৎসা-সংক্রান্ত কোনো তথ্যই নির্ভরযোগ্য নয়।”
এর আগে গতকালও কিছু গণমাধ্যমে ‘সিটিস্ক্যান করা হয়েছে’, ‘অবস্থার অবনতি’ ইত্যাদি শিরোনামে খবর প্রকাশিত হয়, যা সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে বিএনপি।





