“ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-সুইডেন”
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ক্যাশলেস সোসাইটি বিনির্মাণ, প্রযুক্তি স্থানান্তর, বিনিয়োগ বৃদ্ধি, রফতানি আয় বাড়ানো, কর্মসংস্থান তৈরি এবং ফাইভজি প্রযুক্তিকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কীভাবে প্রয়োগ করা যায়, এ বিষয়ে বাংলাদেশ ও সুইডেন একসঙ্গে কাজ করবে।
আজ বুধবার সচিবালয়ে পলকের সঙ্গে তার দফতরে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্সান্দ্রা বার্গ ভন লিন্ডে। সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে এ কথা জানান প্রতিমন্ত্রী।
বাংলাদেশ ও সুইডেনের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, অন্যান্য খাতের পাশাপাশি গত ৩০ বছর যাবত সুইডেনের প্রযুক্তি প্রতিষ্ঠান এরিকসন দেশের টেলিযোগাযোগ খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পরামর্শ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব গত ১৫ বছরে দেশের টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিখাতে বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছে। ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়নের ধারাবাহিকতায় বদলে গেছে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশ বিনিয়োগের জন্য অত্যন্ত লাভজনক একটি দেশ।
ফলে সরকারের বিনিয়োগবান্ধব নীতির সুযোগ কাজে লাগিয়ে সুইডেনকে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে অধিকতর বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আরও পড়ুনঃ সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ বিজিবির নিয়ন্ত্রণে: বিজিবি মহাপরিচালক





