কর্ণফুলী পেপার মিলের উৎপাদন বাড়াতে সরকারের উদ্যোগ: শিল্প উপদেষ্টা
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, সরকার কর্ণফুলী পেপার মিলের কাগজ উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য কাজ শুরু করেছে, যাতে এটি একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হতে পারে।
শুক্রবার রাঙামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের (কেপিএমএল) অতিথি ভবনের সম্মেলনকক্ষে শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কেপিএমএলের কর্মকর্তাদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, “দেশে কাগজের চাহিদা প্রচুর। বিদেশ থেকে কাগজ আমদানির পরিবর্তে দেশীয় উৎপাদন বাড়াতে হবে। এজন্য মিলের উন্নয়ন কার্যক্রম দ্রুত শুরু হবে।” তিনি বিদেশি রাসায়নিকের উপর নির্ভরতা কমিয়ে দেশীয় কাঁচামাল ব্যবহার করে উৎপাদন ক্ষমতা বৃদ্ধির উপর জোর দেন।
সভায় শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমান, বিসিআইসির চেয়ারম্যান মো. ফজলুর রহমান, কেপিএমএলের ব্যবস্থাপনা পরিচালক শহীদ উল্লাহ, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন এবং কেপিএমএল সিবিএ সভাপতি আব্দুল রাজ্জাকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





