“এখন কোনো স্কুলে ভাঙা বেড়া-টিনের চাল নেই”
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সরকার শিক্ষাক্ষেত্রে পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে। এখন আর কোনো স্কুলে ভাঙা বেড়া, টিনের চালা নেই। এটা যেমন সত্যি, তেমনি সব স্কুলে খুব উঁচুমানের অবকাঠামো নেই সেটাও সত্যি। তাই যেসব স্কুলে সুন্দর সুবিধা নেই সেখানেও শিক্ষার্থীদের জন্য সুন্দর পরিবেশ তৈরি করতে পারছি কি না সেটা মাথায় রাখতে হবে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের (জিআইএস) ক্যাম্পাস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ‘স্কুল অব লাইফ’ ধারণাকে উৎসাহিত করতে এবং ভবিষ্যতের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করে তুলতে স্কুলটি চালু করেছে এসটিএস গ্রুপ।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ১৯৯৭ সালে বাংলাদেশে যাত্রা শুরু করে এসটিএস গ্রুপ। যাত্রা শুরুর পর থেকে বিভিন্ন উদ্ভাবনী পদ্ধতি গ্রহণের মাধ্যমে তারা দেশে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা প্রদানের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আর এ লক্ষ্য পূরণে তাদের আইএসডি এবং ডিপিএস রয়েছে। ‘স্কুল অব লাইফ’ ধারণা নিয়ে গ্লেনরিচ নামে গ্রুপটি আরেকটি বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠান উদ্বোধন করেছে।
তিনি বলেন, আমার বিশ্বাস স্কুলটি এর শিক্ষাদান পদ্ধতিতে বাংলাদেশের সংস্কৃতি ও বিশ্বাসকে যুক্ত করবে। পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থতি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার ম্যাট ক্যানেল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. মশিউর রহমান, যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল স্কুলস সার্ভিসেসের (আইএসএস) পরিচালক স্টিভ প্লিসিনস্কি এবং এসটিএস গ্রুপের চেয়ারম্যান বব কুন্দানমাল।
আরও পড়ুনঃ সারাক্ষণ ক্ষুধার্ত লাগে? ভুলেও এই লক্ষণগুলি উপেক্ষা করবেন না





