ইরানের বিরুদ্ধে দ্রুত সব ধরনের নিষেধাজ্ঞা আরোপের আহ্বান ইসরায়েলের
ইরানের বিরুদ্ধে দ্রুত সব ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা উচিত বলে মন্তব্য করেছে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়।
আজ সোমবার রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৩ এপ্রিল) স্থানীয় সময় রাতে ইসরাইলে আঘাত হানে ইরানের শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র। সিরিয়ায় থাকা নিজেদের কনস্যুলেটে হামলার প্রতিশোধ নিতে এ হামলা চালায় দেশটি।
ইরানি হামলার কড়া জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরাইল। একই সঙ্গে তেহরানকে আঞ্চলিক ও বিশ্ব শান্তির জন্য ‘সবচেয়ে বড় হুমকি’ বলে উল্লেখ করেছে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রলণালয়।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইরানের বিরুদ্ধে দ্রুত সব ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। একই সঙ্গে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে।
ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরান ইসরাইলি ভূখণ্ডকে লক্ষ্য করে নজিরবিহীন আক্রমণ করেছে। তারা শত শত ড্রোন, ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
বিবৃতিতে বলা হয়, ইসরাইল বছরের পর বছর ধরে যে বলে আসছে-ইরান এই অঞ্চলে সন্ত্রাসী হামলার মদদদাতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও বিশ্ব ব্যবস্থার জন্য সবচেয়ে বড় হুমকি এই হামলার মাধ্যমে আবারও তা প্রমাণ হয়েছে। তাই ইরানকে কখনই পারমাণবিক অস্ত্র বানাতে দেয়া উচিত নয়।
আরও পড়ুনঃ গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শুরু ২৭ এপ্রিল





