ইইউ’র উদ্যোগে ময়মনসিংহ ও নেত্রকোনায় ৭০ হাজার প্রতিবন্ধীর জীবনমান উন্নয়ন
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার ৭০ হাজারের বেশি প্রতিবন্ধী ব্যক্তির জন্য একটি ব্যাপক সহায়তা কর্মসূচি ঘোষণা করেছে। ঢাকায় ইইউ প্রতিনিধিদল জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তি ও জাতিগত সংখ্যালঘুদের অধিকার রক্ষা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সুশীল সমাজের সক্ষমতা বৃদ্ধি করা হবে।
ইইউ প্রতিনিধিদলের বিবৃতিতে বলা হয়, “আমরা অন্তর্ভুক্তি, বৈচিত্র্য এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রকল্প প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে মানবাধিকারভিত্তিক অ্যাডভোকেসি ও নীতিগত সংলাপ জোরদার করবে।” এই সহায়তা ময়মনসিংহের ‘প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার’ (পিসিসি)-এর মাধ্যমে বাস্তবায়িত হবে।
প্রকল্পটি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক সেবার সুযোগ বাড়ানোর পাশাপাশি তাদের অধিকার রক্ষায় স্থানীয় সংগঠনগুলোর দক্ষতা বৃদ্ধিতে কাজ করবে। এছাড়া, জাতিগত সংখ্যালঘুদের জন্য নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
ইইউ প্রতিনিধিদল জানিয়েছে, এই প্রকল্পটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের প্রতিবন্ধী সম্প্রদায়ের ক্ষমতায়ন এবং সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করবে।





