আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ড. ইউনূসের গভীর শোক ও সমবেদনা
ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার এক শোকবার্তায় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বলেন, “২৪২ জন যাত্রী নিয়ে বিমানটির এই মর্মান্তিক দুর্ঘটনার খবরে আমি গভীরভাবে মর্মাহত।”
ড. ইউনূস বার্তায় আরও বলেন, “এই দুঃখের মুহূর্তে আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং তাদের পরিবার ও প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। বাংলাদেশের জনগণ ভারতের পাশে রয়েছে। আমরা যেকোনো ধরনের সহায়তা প্রদানে প্রস্তুত।”
তিনি ভারতের জনগণ ও সরকারের প্রতি সংহতি প্রকাশ করে বলেন, “এই শোকাবহ ঘটনায় আমরা ভারতের সঙ্গে একাত্ম। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।” বার্তার শেষে তিনি প্রধানমন্ত্রী মোদির প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানান।





