আসল সূর্যের চেয়েও শক্তিশালী ‘কৃত্রিম সূর্য’
সূর্যের চেয়ে সাত গুণ বেশি তাপ উৎপন্ন করতে সক্ষম নিরাপদ পারমাণবিক শক্তির একটি কৃত্রিম উৎস আবিষ্কার করেছেন দক্ষিণ কোরিয়ার পদার্থবিদেরা।
দক্ষিণ কোরিয়ার সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি ও কোরিয়া ইনস্টিটিউট অব ফিউশন এনার্জির বিজ্ঞানীদের তথ্যমতে, কোরিয়া সুপারকন্ডাক্টিং তোকামাক অ্যাডভান্সড রিসার্চ (কেএসটিএআর) নামে একটি পারমাণবিক চুল্লি (রিঅ্যাক্টর) ৩০ সেকেন্ড সময়ের মধ্যে ১০ কোটি ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় পৌঁছায়। এটা মাইলফলক, যা প্রথমবারের মতো এমন ঘটনা ঘটেছে।
আরও পড়ুনঃ প্রিন্টার থেকে বের হচ্ছে দোসা
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সূর্যের চেয়ে সাত গুণ বেশি তাপ উৎপন্ন করতে সক্ষম এই কৃত্রিম উৎসটি।
প্রতিবেদনে আরও বলা হয়, আসল সূর্যের কেন্দ্রের তাপমাত্রা দেড় কোটি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে তাপ উৎপাদনের মতোই তাপমাত্রা পেতে এর প্রক্রিয়াকে কৃত্রিমভাবে প্রয়োগের চেষ্টা করছেন। এ বছরের শেষ নাগাদ ১০ কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ৫০ সেকেন্ড ধরে রাখতে চান বিজ্ঞানীরা। ২০২৬ সাল নাগাদ তাদের লক্ষ্য হচ্ছে কৃত্রিম সূর্যের তাপমাত্রা ৩০০ সেকেন্ড বা ৫ মিনিট পর্যন্ত ধরে রাখা। ধীরে ধীরে তা বাড়ানো, যাতে করে পরিবেশবান্ধব শক্তি পাওয়া যেতে পারে।





