আফগানিস্তানে তীব্র শীতে ৭০ জনের মৃত্যু
আফগানিস্তানে শৈত্যপ্রবাহ ও প্রচণ্ড ঠান্ডায় গত সপ্তাহে কমপক্ষে ৭০ জনের মৃত্যু হয়েছে। দেশটির ঘোর অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস ৩৩ ডিগ্রি সেলসিয়াস।
এ বিষয়ে আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ ঠান্ডার কারণে মারা যাওয়া ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। এক টুইটে তিনি লেখেন, প্রকৃতির ওপর কারও হাত নেই। তবে ঠান্ডায় এমন প্রাণহানি অত্যন্ত দুঃখের বিষয়। এরই মধ্যে সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সর্বোচ্চ সাহায্য করার আদেশ দেওয়া হয়েছে। আরও প্রাণহানি রোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।
দেশটির আবহাওয়া দপ্তরের প্রধান মোহাম্মদ নাসিম মুরাদি বলেন, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এ বছরের শীতকাল সবচেয়ে ঠান্ডা। চলমান এ শৈত্যপ্রবাহ আরও এক সপ্তাহ কিংবা তার বেশি সময় চলতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, আফগানিস্তানের মধ্য ও উত্তরাঞ্চলের বেশ কয়েকটি প্রদেশে ভারি তুষারপাত হচ্ছে। এতে বন্ধ হয়ে গেছে বহু রাস্তাঘাট।
এভাবে হঠাৎ করে দেশটির তাপমাত্রা কমে যাওয়ায় হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা।
আরও পড়ুনঃ পদত্যাগ করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা





