আজকে বাংলাদেশের চেহারা পাল্টে গেছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আজকে বাংলাদেশের চেহারা পাল্টে গেছে। শুধু রাজধানী ঢাকা নয় সমগ্র দেশের উন্নয়নই তাঁর সরকার করেছে। ভূমিহীন-গৃহহীনকে ঘর করে দেয়ার ও তাদের জীবন-জীবিকার ব্যবস্থা, খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যসেবাসহ মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করার প্রচেষ্টার মাধ্যমে সামগ্রিক আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটিয়েছে এবং ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারের ঘোষণা অনুযায়ী রূপকল্প-২০২১ বাস্তবায়ন করে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছে।
আজ বুধবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩’ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির ভাষণে তিনি এ কথা বলেন।
বিএনপির আন্দোলনের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, এখন তারা (বিএনপি) আন্দোলন করবে, সরকার উৎখাত করবে, অনেক কথাই বলে যাচ্ছে। অনেক আয়োজনও করেছে। আর আমাদের দেশে কিছু মানুষ থাকে তারা ‘অসময়ে নীরব এবং সময়ে সরব’ হয়ে ওঠে।
এসময় তার ভাষণে বিএনপি-জামাতের তথাকথিত আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাসের প্রসঙ্গ উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এ ধরনের দৃষ্টান্ত কেবল বিএনপিই দেখাতে পারে এবং তারা সেটা দেখিয়েছে। চলন্ত গাড়িতে আগুন, বাসে আগুন, লঞ্চে আগুন, চলন্ত সিএনজিতে আগুন-তারা আগুন নিয়ে খেলেছিল। একবারও দেশের মানুষের কথা ভেবে দেখেনি। আমি আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বলবো ওদের অপকর্মের কথাগুলো মানুষের কাছে তুলে ধরতে হবে।
আরও পড়ুনঃ যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার পারমাণবিক অস্ত্রচুক্তি স্থগিত





