“আইএমএফের পরীক্ষায় পাস করলেই মিলবে তৃতীয় কিস্তি”
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরীক্ষায় পাস করলেই ঋণের তৃতীয় কিস্তি পাওয়া যাবে বলে জানিয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, আইএমএফ যে লক্ষ্যমাত্রাগুলো দিয়েছে, আমরা সেগুলো ভালো করছি। লক্ষ্যমাত্রার বেশিরভাগই আমরা বাস্তবায়ন করেছি। এখন মার্চ মাসে তারা আবার আসবে এবং দেখবে। এটি তো চলতেই থাকে। আমার তো মনে হচ্ছে, দ্বিতীয় ধাপটাও আমরা পূরণ করব।
আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশে আইএমএফের আবাসিক প্রতিনিধি জায়েযন্দু দে এবং বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার লিলি নিকলসের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী।
রিজার্ভ ও রাজস্ব আয়ের ঘাটতি নিয়ে কথা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, হ্যাঁ, বলেছে ওরা যে লক্ষ্যমাত্রা দিয়েছিল, সেগুলো মোটামুটি পূরণ হয়েছে। সুতরাং, দেখা যাক।
তারা কি নতুন কোনো বাজেট দেবে? এ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না, সংবাদকর্মীদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা পরীক্ষায় পাস করলে তারা পরিস্থিতি কেমন আছে, তা তারা নতুন করে দেখবে। এখন তো পরিস্থিতি ভালো। মানে আমরা পরীক্ষায় পাস করেছি।
তৃতীয় কিস্তি আসার বিষয়ে আবুল হাসান মাহমুদ আলী বলেন, চলমান পরীক্ষাগুলো পাস করতে হবে। তাহলেই সেটি পাওয়া যাবে।
পরিস্থিতি ভালো মনে হচ্ছে কেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভালো বলছি, এটিই তো পজিটিভ নোট। ভালো না হলে কেন ভালো বলব। আমি যদি ফেইল করি তাহলে কি বলব পাস করে গেছি।
আরও পড়ুনঃ “একসময় পান্তা খেয়ে মানুষ জীবন পার করেছে, তবে এখন মানুষ পান্তা খায় না”





