“অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সরকার সঠিক পথেই এগিয়ে যাচ্ছে”
অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে তার সরকার সঠিক পথেই এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
পিরোজপুরে নবনির্মিত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধন অনুষ্ঠানে রোববার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এসব কথা বলেন আইনমন্ত্রী।
তিনি বলেন, বঙ্গবন্ধু এমন একটি স্বাধীন ও শক্তিশালী বিচার বিভাগের স্বপ্ন দেখেছিলেন, যেখানে বিচারপ্রার্থীরা দ্রুত ন্যায়বিচার পাবেন। তিনি শুধু এই স্বপ্নই দেখেননি, বাংলাদেশকে স্বাধীন করার পর একটি আইনি কাঠামোও তৈরি করে দিয়েছিলেন। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট নৃশংস হত্যাকাণ্ডের পর সামরিক শাসকদের জাঁতাকলে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন আর প্রস্ফুটিত হতে পারেনি।
আইনমন্ত্রী আরও বলেন, ২০০৭ সালের ১ নভেম্বর উচ্চ আদালতের একটি রায় অনুযায়ী নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পুরোপুরি পৃথক হলেও তখন স্বাধীনভাবে চলার মতো বিচার বিভাগের, বিশেষ করে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির নিজস্ব কোনো অবকাঠামো ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে সরকার গঠনের পর এই সমস্যা দূরীকরণে বেশকিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। যার মধ্যে অন্যতম ছিল ২ হাজার ২৬০ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে ৪১টি জেলা শহরে আধুনিক সুযোগ—সুবিধা সম্বলিত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ প্রকল্প গ্রহণ।
আনিসুল হক বলেছেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি রাজনৈতিক অঙ্গীকার হলেও এর সঙ্গে রয়েছে তার গভীর সম্পর্ক। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সুখী—সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা।





