১ ফেব্রুয়ারি বিএনপির এমপিদের শূন্য ৫ আসনে ভোট
জাতীয় সংসদ থেকে পদত্যাগ করা বিএনপির পাঁচ সংসদ সদস্যের শূন্যঘোষিত আসনে আগামী ১ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ রোববার শূন্য হওয়া আসনগুলোতে উপ-নির্বাচনের বিষয়ে বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠক শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, ঘোষিত তফসীল অনুযায়ী- শূন্য পাঁচ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৫ জানুয়ারি। যাচাই-বাছাই ৮ জানুয়ারি এবং প্রত্যাহারের শেষ দিন ১৫ জানুয়ারি। সবকটি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।
গত ১০ ডিসেম্বর বিকেলে রাজধানীর গোলাপবাগে ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপির দলীয় সাতজন এমপির পদত্যাগের ঘোষণা আসে। পরদিন ১১ ডিসেম্বর জাতীয় সংসদ সচিবালয়ে বিএনপির সাত এমপি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন।
এসময় সশরীরে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।
আরও পড়ুনঃ দশ ডিসেম্বর পাকবাহিনীর মতো বিএনপি’র পরাজয় হয়েছে : তথ্যমন্ত্রী





