স্বাস্থ্যসেবায় সুরক্ষা নিশ্চিতে আসছে নতুন আইন
দেশের স্বাস্থ্যখাতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সেবাগ্রহীতাদের নিরাপত্তা নিশ্চিত করতে পৃথক একটি আইন প্রণয়নের পথে হাঁটছে সরকার। এ লক্ষ্যে প্রস্তাবিত ‘স্বাস্থ্য সুরক্ষা আইন’-এর খসড়া তৈরির দায়িত্ব দিয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।
সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (হাসপাতাল) কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন। কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা, বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা ও আইন শাখার দায়িত্বপ্রাপ্ত যুগ্মসচিবদের। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের একজন উপসচিব বা এর ঊর্ধ্বতন প্রতিনিধি এতে অন্তর্ভুক্ত থাকবেন।
কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব।
মন্ত্রণালয় সূত্র জানায়, গত ৮ জুন অনুষ্ঠিত এক মতবিনিময় সভার আলোচনার ধারাবাহিকতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। ওই বৈঠকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকরা উপস্থিত ছিলেন। পাশাপাশি ইন্টার্ন চিকিৎসক ও পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসকদের প্রতিনিধিরাও অংশ নেন। বৈঠকের যৌথ সিদ্ধান্তের ভিত্তিতেই আইন প্রণয়নের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।
গঠিত কমিটিকে প্রস্তাবিত আইনের খসড়া তৈরি, প্রয়োজন হলে অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত করা এবং সংশ্লিষ্ট সংস্থা, বিশেষজ্ঞ ও অংশীজনদের মতামত গ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া আগামী ২০ কর্মদিবসের মধ্যে খসড়া আইন প্রস্তুত করে স্বাস্থ্য সেবা বিভাগে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, আইনটি কার্যকর হলে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি রোগীদের অধিকার সুরক্ষায়ও একটি স্পষ্ট আইনি ভিত্তি তৈরি হবে। একই সঙ্গে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় জবাবদিহি, দায়িত্ববোধ ও সুশাসন প্রতিষ্ঠায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকারাখতে পারে।





