স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে বুধবার এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
সাক্ষাৎকালে তারা বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণে সংসদীয় প্রতিনিধিদলের সফর, রোহিঙ্গা সংকট ও প্রত্যাবাসন প্রক্রিয়া, এবং ক্রীড়া-সাংস্কৃতিক আদান-প্রদান নিয়ে মতবিনিময় করেন।
বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্কই ভারত-বাংলাদেশ সম্পর্কের প্রকৃত ভিত্তি হওয়া উচিত। তার মতে, পারস্পরিক শ্রদ্ধা ও স্বাধীন সার্বভৌমত্বের ভিত্তিতেই এই সম্পর্ক এগিয়ে যাবে।
তিনি উল্লেখ করেন, ঐতিহাসিকভাবে বাংলাদেশ-ভারত সম্পর্ক নানা টানাপোড়েনের মধ্য দিয়ে এগিয়েছে এবং বিভিন্ন সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটে তা পরিবর্তিত হয়েছে।
আলোচনায় অতীত রাজনৈতিক প্রসঙ্গ টেনে স্পিকার বলেন, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের সাজানো নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করেছিল, আর ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে ফের গণতন্ত্রের পথ সুগম হয়েছে। তিনি আরও বলেন, শেখ হাসিনার শাসনামলে ভারত ও বাংলাদেশের সম্পর্ক মূলত সরকারকেন্দ্রিক পর্যায়েই সীমাবদ্ধ ছিল।
জবাবে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের মধ্যে জনগণকেন্দ্রিক সম্পর্ক গড়ে তুলতে ভারত সরকার আগ্রহী এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক বিনির্মাণের মাধ্যমে উভয় দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার কাজ করছে বলে তিনি জানান।
বৈঠকে হাইকমিশনার ভারতের লোকসভার স্পিকারের পক্ষ থেকে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারকে ভারত সফরের আমন্ত্রণও জানান, পাশাপাশি দুই দেশের মধ্যে সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন তিনি।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিবৃন্দ, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।





