“মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও গণতন্ত্র বিএনপির হাতে নিরাপদ নয়”
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য বড় হুমকি হচ্ছে বিএনপি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও গণতন্ত্র বিএনপির হাতে নিরাপদ নয়, বিএনপি তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব ঘোচানোর জন্য কখন কী ঘটিয়ে বসে তা নিয়ে জনগণ দুশ্চিন্তায় আছে।
আজ মঙ্গলবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি একথা বলেন।
দেশ নাকি গভীর সংকটে আছে, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংকটে দেশ নয়, গভীর সংকটে আছে বিএনপি, সংকটে তাদের পরাশ্রয়ী রাজনীতি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুজনেই দণ্ডপ্রাপ্ত, তারমধ্যে একজন আবার এতিমের টাকা আত্মসাৎ করায় দণ্ডপ্রাপ্ত। অন্যদিকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার মহানুভবতায় কারাগারে না থেকে ঘরে বসে চিকিৎসা গ্রহণের সুযোগ পেয়েছেন তিনি। আর একজন রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে কাপুরুষের মত বিদেশে পালিয়েছে এবং ১০ ট্রাক অস্ত্র ও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি।
ওবায়দুল কাদের আরও বলেন, নিরাপদ দূরত্বে থেকে নিজে বিলাসী জীবনযাপন করছে আর নেতাকর্মীদের চাঙা করতে দূর থেকে শব্দবোমা ছুড়ছে, স্বপ্ন দেখছে ক্ষমতার ময়ূর সিংহাসনের। দেশের জনগণ আর পেছনে ফিরে যেতে চায় না, বিএনপির দুর্নীতির বরপুত্র, হাওয়া ভবনের স্রষ্টা দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমানকে ক্ষমতায় দেখতে চায় না।
বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশে বর্তমানে গণতন্ত্রের কোনো সংকট নেই, সংকট বিএনপির মনস্তত্ত্বে। বিএনপি সবসময় তাদের বক্তব্যে কৃত্রিম সংকটের গন্ধ পায়, তারা স্বাধীনতা গেল বলে হা-হুতাশের রাজনীতি করে। বিএনপিকে এই সংকট থেকে উত্তরণে অপরাজনীতির কৌশল পরিহার করতে হবে।
আরও পড়ুনঃ আগামী বছর সরকারি ছুটি ২২ দিন





