মাকড়শাও স্বপ্ন দেখে!
সম্প্রতি একদল গবেষক আবিষ্কার করে ফেললেন এক চাঞ্চল্যকর তথ্য। মাকড়সা নাকি স্বপ্ন দেখতে পারে।
মাকড়শাও নাকি স্বপ্ন দেখে। কিন্তু কি স্বপ্ন দেখে এই পোকাটি? সুস্বাদু কোন কীটপতঙ্গের নাকি সুন্দর জাল বোনার?
এই গবেষণা সংক্রান্ত প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সেসের প্রসেডিংস অফ দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেসের সাময়িকীতে।
যুক্তরাষ্ট্র এবং ইউরোপের এক দল গবেষকের দাবি অনুযায়ী, লাফিয়ে চলতে পারে এমন প্রচুর প্রজাতির মাকড়সা মানুষের মতোই ঘুমের মধ্যে স্বপ্ন দেখে। তারা লক্ষ্য করে দেখেছেন ঘুমের সময় মাকড়সার চোখ দ্রুত নড়াচড়া করে, যাকে বলা হয় রেম। মানুষ কিন্তু এই রেম পর্যায়ে গিয়ে নানান স্বপ্ন দেখে। এই বিষয়ে জার্মানির কনস্ট্যানজ বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞানী ড্যানিয়েলা রাসলার মতে, কুকুর বিড়ালদের মতই মাকড়সার স্বপ্ন দেখতে পারে। কারণ তাদের ক্ষেত্রে স্বল্প সময়ে রেম পর্যায়ে দেখা গিয়েছে। তবে মানুষ যেভাবে স্বপ্ন উপলব্ধি করে মাকড়সা ঠিক একইভাবে বিষয়টিকে দেখে কিনা সেই নিয়ে গবেষণা চালানোর প্রয়োজনীয়তা রয়েছে।
আরও পড়ুনঃ সিঙ্গাপুরের ল্যাবে তৈরি হচ্ছে লক্ষ লক্ষ মশা!
মূলত এই রেম পর্যায়ে দেখা যায় মেরুদন্ড প্রাণীদের ক্ষেত্রে বিশেষ করে স্তন্যপায়ী প্রাণী এবং পাখিদের দেখা যায়। তাই মাকড়সার ক্ষেত্রে এই ধরনের পর্যায় থাকার ঘটনা একেবারেই বিরল বলে মনে করছেন গবেষকরা।এই বিষয়ে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের বিশেষজ্ঞ লিসা টেলরের মতে, মাকড়সার মস্তিষ্ক সর্বদা সক্রিয় থাকে। শরীরে চারিপাশে যে লোম আছে তার মাধ্যমে মাকড়সা কম্পন বুঝতে এবং শব্দ শুনতে পায়। মাকড়সা দিনের বেলায় সব থেকে বেশি সক্রিয় থাকে। তারা যে ঘুমাতে পারে এই বিষয়টি বিশ্বাস করা সম্ভব।
অবশ্য বহু বিশেষজ্ঞ মনে করছেন, মাকড়সা যে স্বপ্ন দেখে তার আগে জানতে হবে মাকড়সা ঘুমায় কিনা। তবে গবেষকদের প্রাপ্ত তথ্য অনুযায়ী মাকড়সার ঘুমানো এবং স্বপ্ন দেখার তথ্যকে সত্য বলে মনে করছেন অনেকেই।





