“বিকেলে পর্যবেক্ষক-সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করবেন শেখ হাসিনা”
সোমবার বিকেল সাড়ে ৩টায় গণভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
এরই মধ্যে দেশের ৭৪ জন সিনিয়র সাংবাদিককে গণভবনের প্রবেশের অনুমতিপত্র প্রেস উইং থেকে দায়িত্বরত সংস্থাকে দেওয়া হয়েছে।
পাশাপাশি এই অনুষ্ঠানটি কাভার করতে পিএমও সংযুক্ত মিডিয়া, টেলিভিশন ও রেডিওসহ ২৯ প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলা ও ইংরেজি মিলে ১৯ প্রিন্ট মিডিয়াকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় শতভাগ আসনের ফলাফল ঘোষণা শেষে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ। এর মাধ্যমে দলটি টানা চতুর্থবার ক্ষমতায় আসতে যাচ্ছে।
রোববার দিনগত রাত ৪টা পর্যন্ত নির্বাচন কমিশন থেকে বেসরকারিভাবে ঘোষিত ২৯৮টি আসনের ফলাফলে আওয়ামী লীগ পেয়েছে ২২৩টি আসন। দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা, যাদের প্রায় সবাই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা। এ পর্যন্ত ৬২টি আসনে স্বতন্ত্র প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুনঃ টানা চতুর্থবার ক্ষমতার পথে আওয়ামী লীগ





