বরিশালের নদী-গ্রাম আর মানুষের আন্তরিকতায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন প্রথমবারের মতো বরিশাল সফরে এসে জেলার নদী, গ্রামবাংলার সৌন্দর্য ও সাধারণ মানুষের আন্তরিকতায় মুগ্ধতা প্রকাশ করেছেন।
শনিবার রাতে বিলাসবহুল লঞ্চে করে বরিশালে পৌঁছান ক্রিস্টেনসেন। এর আগে সকালে ঢাকা থেকে এসে ঝালকাঠির ভীমরুলীর ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজার ঘুরে দেখেন তিনি। এরপর লঞ্চে ভ্রমণের সময় সাধারণ মানুষের সঙ্গে মিশে যান তিনি।
সফরের অনুভূতি জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, বরিশাল অত্যন্ত মনোরম একটি জায়গা। এটি তাঁর প্রথম বরিশাল সফর। ব্যক্তিগতভাবে নৌভ্রমণ তাঁর খুব পছন্দের। ভীমরুলীর ভাসমান পেয়ারা বাজার দেখা এবং পরে লঞ্চে ভ্রমণের অভিজ্ঞতা তাঁর জীবনে স্মরণীয় হয়ে থাকবে বলেও জানান তিনি।
বরিশালে পৌঁছে প্রথমে সার্কিট হাউসে যান ক্রিস্টেনসেন। দুই দিনের সফরে তিনি নগরের ঐতিহ্যবাহী মিয়া বাড়ির মসজিদ ও সকাল-সন্ধ্যা মিষ্টান্ন ভাণ্ডার পরিদর্শন করবেন।
রোববার দুপুরে বরিশালের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তাঁর। সোমবার তিনি অক্সফোর্ড মিশন চার্চ ও গৌরনদী ক্যাথলিক চার্চ পরিদর্শন করবেন। পরে ঢাকায় ফেরার পথে পদ্মা সেতু সার্ভিস এরিয়া পরিদর্শনের কথা রয়েছে।





