জাতীয় ফিচার

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে ড. ইউনূসের প্রতিশ্রুতি: ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত অন্তর্বর্তী সরকার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, সরকার নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রস্তুত।

তিনি বলেন, আগামী নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে। মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই প্রতিশ্রুতি দেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কুয়ালালামপুরে বিভিন্ন পেশার প্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সংগঠনের নেতারা এই সভায় অংশ নেন। বক্তব্যে অধ্যাপক ইউনূস বলেন, “আমরা নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রস্তুত। নির্বাচনের সময় ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে আমরা কাজ করছি। নির্বাচন কমিশনের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে, তারা প্রস্তুতি নিচ্ছে। আশা করি, আপনারা সবাই ভোটার হবেন, ভোট দেবেন। এটি হবে একটি নতুন অভিজ্ঞতা।”

মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের অর্থনীতিতে অবদানের প্রশংসা করে তিনি বলেন, “আপনারা দেশের অর্থনীতিতে বিরাট অবদান রাখছেন। রেমিট্যান্সের মাধ্যমে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। এই অবদানের স্বীকৃতি হিসেবে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”

তিনি জানান, বিশ্বজুড়ে প্রবাসী বাংলাদেশিদের একটি প্ল্যাটফর্মে যুক্ত করতে একটি বিশেষ অ্যাপ তৈরির কাজ চলছে। “এই অ্যাপের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা একে অপরের সঙ্গে সংযুক্ত থাকবেন এবং তাদের সমস্যা সমাধানে সহায়তা পাবেন,” বলেন তিনি।

প্রধান উপদেষ্টা আরও বলেন, “দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা প্রবাসীদের সমস্যা শুনছি। পাসপোর্ট জটিলতা, দূতাবাসে সেবার ঘাটতি, অনিয়মিত প্রবাসীদের নিয়মিতকরণের মতো বিষয়ে আপনাদের ন্যায্য অভিযোগ রয়েছে। আমরা এসব সমাধানে কাজ করছি।”

তিনি জানান, সরকারি সেবা প্রবাসীদের কাছে পৌঁছে দিতে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ নামে একটি উদ্যোগ চালু করা হচ্ছে। এছাড়া পাসপোর্ট সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধানের জন্য ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে।

সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, মালয়েশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে বাণিজ্য ও শিল্প ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, “দূতাবাসে জনবল বাড়ানো, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েট প্লাস ভিসা সুবিধা এবং অনিয়মিত প্রবাসীদের নিয়মিতকরণের বিষয়ে আমরা কাজ করছি।”

অধ্যাপক ইউনূস বলেন, “দেশের অর্থনীতি বিধ্বস্ত অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে। এতে প্রবাসীদের রেমিট্যান্স বড় ভূমিকা পালন করেছে। আমরা আশা করি, প্রবাসীদের অংশগ্রহণে বাংলাদেশ আরও সমৃদ্ধ হবে।”

তিনি প্রবাসীদের উৎসাহিত করে বলেন, “আপনারা দেশের গর্ব। আপনাদের মাধ্যমে বাংলাদেশ বিশ্বে একটি উজ্জ্বল মডেল হিসেবে দাঁড়াবে।”

সভায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। মতবিনিময়ে প্রবাসীরা তাদের সমস্যা তুলে ধরেন এবং সরকারের কাছে দ্রুত সমাধানের দাবি জানান। অধ্যাপক ইউনূস আশ্বাস দেন, প্রবাসীদের কল্যাণে সরকার সবসময় পাশে থাকবে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র