পশ্চিমবঙ্গে পদপৃষ্ট হয়ে নিহত ৩
পশ্চিমবঙ্গের আসানসোলে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পদপৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ পদপৃষ্টের ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।
বুধবার আসানসোলে এসেছিলেন বিরোধী দলীয় নেতা শুভেন্দু। এছাড়া এ অনুষ্ঠানে ছিলেন আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। স্থানীয় গণমাধ্যমের দাবি, আসানসোলের রামকৃষ্ণনগরে এই শীতবস্ত্র বিতরণের আয়োজন করে একটি সেচ্ছাসেবী সংস্থা।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শুভেন্দুর অনুষ্ঠানে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ চলছিল। শুভেন্দু চলে যাওয়ার পর শীতবস্ত্র নেয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। মোট ৫টি কাউন্টার থেকে শীতবস্ত্র দেয়া শুরু হলে সেখানে আচমকাই প্রচুর মানুষ ঢুকতে শুরু করেন এবং হট্টগোল শুরু হয়। ফলে সেখানে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ সময় পদদলিত হয়ে নিহত হয় তিন জন ও বেশ কয়েকজন আহত হয়।
আসানসোলের পুলিশ জানিয়েছে, এই ধরণের অনুষ্ঠান হবে সেটা পুলিশকে জানানো হয়নি। গোটা বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।





