কম্বোডিয়ায় ফেরিডুবিতে ৯ শিক্ষার্থীর মৃত্যু
কম্বোডিয়ায় নমপেনের দক্ষিণ-পূর্বে মেকং নদীতে ফেরি ডুবে অন্তত নয়জন শিক্ষার্থী মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। এই ঘটনায় দুজন নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় রাজধানী নমপেনের দক্ষিণ-পূর্বে মেকং নদীতে এই দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে শুক্রবার স্থানীয় সংবাদমাধ্যমকে জেলা পুলিশ কর্মকর্তা ডিম সমরথ বলেন, দুর্ঘটনার সময় নদী শান্ত ছিল। ফেরিটিতে ১৫ জন যাত্রী ও ক্রু ছিল এবং এতে কোন লাইফ ভেস্ট ছিল না।
পুলিশ জানায়, ১২ থেকে ১৪ বছর বয়সী ওই শিক্ষার্থীরা নদীর পাশেই একটি দ্বীপে বাস করত। তারা আরও জানায়, ফেরীটি ঘাট থেকে প্রায় ৫০ মিটার দূরে যাওয়ার পর পানি প্রবেশ শুরু করে। এ সময় শিক্ষার্থীরা হুড়াহুড়ি শুরু করলে ভারসাম্যহীন হয়ে ডুবে যায়। নিখোঁজ শিশুদের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে।





