৪০০ কোটি ডলার সহায়তার আশ্বাস দিয়েছে আইএমএফ
বাংলাদেশ আইএমএফ থেকে সাড়ে ৪০০ কোটি ডলারের আর্থিক সহায়তার আশ্বাস পেয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে আইএমএফ ও বিশ্বব্যাংক-এর বার্ষিক সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তিনি জানান, বাংলাদেশে সংস্থাটির সঙ্গে চূড়ান্ত দর কষাকষির পর তিন কিস্তিতে ছাড় হবে এ অর্থ। এর বাইরেও বিশ্বব্যাংক থেকে আলাদা দুটি প্রকল্পে ১০০ কোটি ডলার বাজেট সহায়তা পাওয়া যাবে।
মূল্যস্ফীতির চাপ এবং ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়াসহ নানা সংকটে চলতি বছর রিজার্ভে টান পড়ে বাংলাদেশের। ডলার সংকট সামাল দিতে কয়েক মাস আগে সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে সাড়ে চার বিলিয়ন বা ৪৫০ কোটি ডলার ঋণ চেয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার জানালেন, বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক বৈঠকে আশ্বাস মিলেছে বাজেট সহায়তার। আমরা সেখান থেকে ৪৫০ কোটি ডলার পাওয়ার আশা করছি।
এ ছাড়া বিশ্বব্যাংকের কাছ থেকে আরও ১০০ কোটি ডলার বাজেট সহায়তা পাওয়া যাবে বলে জানান গভর্নর।
তিনি বলেন, আগের একটি এবং নতুন একটি বাজেট সাপোর্ট চেয়েছি আমরা। সেখানে সব মিলিয়ে এই ১০০ কোটি ডলার পাওয়ার বিষয়ে আশাবাদী। তাদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। সামনে আরও আলোচনা চলবে। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
আরও পড়ুনঃ বাংলাদেশ থেকে জনবল নিয়োগে ব্রুনাইয়ের সুলতানকে রাষ্ট্রপতির অনুরোধ





