সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ওসমান হাদি
গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ এবং ইনকিলাব মঞ্চের অফিসিয়াল পেজে এ দুঃসংবাদ জানানো হয়।
পোস্টে লেখা হয়, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।
গত ১২ ডিসেম্বর দুপুরে গণসংযোগের জন্য ব্যাটারি চালিত রিকশায় করে বিজয়নগর বক্স কালভার্ট রোডে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। গুলিটি তাঁর মাথায় লেগে মারাত্মক আঘাত করে। গুরুতর অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি অস্ত্রোপচার করা হয়। পরে তাঁকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ওসমান হাদির এই শাহাদাত জাতির জন্য অপূরণীয় ক্ষতি।’ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।’





